ক্লিক করে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ ছাড়লেন প্রধানমন্ত্রী

২৭ মে, ২০২১ ১৭:২৩  
চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বছর পর আবারও ঢাকার উদ্দেশে চলাচল শুরু করল আমবাহী ম্যাংগো স্পেশাল ট্রেন। ট্রেনটি কেজিপ্রতি ১ টাকা ৩০ পয়াসা আম নিয়ে আসবে রাজধানীতে। আমের পাশাপাশি এর পাঁচটি ওয়াগানে আম, শাক-সবজিসহ যে কোনো ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে। পতাকা ও বাঁশি বাজিয়ে নয়, ২৭ মে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তারহীন প্রযুক্তির মাউসে ক্লিক করে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম চালানে ২১৫ মেট্রিক টন আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। এসময় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাগুরা রেল স্টেশন থেকে এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।